রাজ্যজুড়ে শিলাবৃষ্টির আশঙ্কা! পারদ নামবে ৬ ডিগ্রি 

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শুক্রবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেনে আইপিএল উদ্বোধনী ম্যাচ চলাকালীন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া, কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। এখানে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে ঝড়-বৃষ্টি কিছুটা কমলেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবারও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে, তবে তার পরিমাণ কমবে।