
দীর্ঘ টালবাহানার পর অবশেষে তেজস যুদ্ধবিমান হাতে পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা সচিব আরকে সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম দফায় দু’টি তেজস এমকে ওয়ান এ বিমান বায়ুসেনাকে পাঠাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল। কবে এই দুই যুদ্ধবিমান ভারতীয় সেনার ভান্ডারে পাওয়া যাবে, তা-ও জানিয়েছেন প্রতিরক্ষা সচিব।
সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় বার বার ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহের রোষের মুখে পড়েছে হ্যাল। কেন তেজস সরবরাহে দেরি হচ্ছে, তার কারণও ব্যাখ্যা করেছে তারা। তবে তাতেও চিড়ে ভেজেনি। বায়ুসেনার প্রধান স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, কথার খেলাপ হওয়ায় হ্যালের প্রতি ভরসা হারিয়েছেন তিনি। এই নিয়ে দীর্ঘ টালবাহানার পর তেজস যুদ্ধবিমান নিয়ে সুখবর শোনালেন প্রতিরক্ষা সচিব।
তিনি জানান, সেপ্টেম্বরের শেষের দিকে দু’টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করবে হ্যাল। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, আরও ১৭টি তেজস যুদ্ধবিমানের জন্য নতুন চুক্তি সই হতে পারে। প্রসঙ্গত, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, মাল্টি রোল সুপারসনিক যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এর ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ ও সরঞ্জাম ভারতীয় সংস্থাগুলি তৈরি।
