
গড়ফার ফ্ল্যাট থেকে লিভ ইন পার্টনারের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। গড়ফার শহিদনগরে ফ্ল্যাটের ভিতর উপুড় হয়ে পড়েছিল তরুণীর দেহ। তরুণী ও তাঁর সঙ্গী বিকাশ দত্ত প্রতিদিনই প্রচুর মদ খেতেন বলে দাবি মা এবং প্রতিবেশীদের।
বিকাশের মায়ের দাবি তিনি ওই তরুণীকে দুপুরবেলায় বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে ভেবেছিলেন ঘুমোচ্ছিলেন। সন্ধের পরেও একই অবস্থায় দেখে সন্দেহ হয়। এরপরেই খবর দেওয়া হয় প্রতিবেশীদের। পরে পুলিশ গিয়ে তরুণীর দেহ উদ্ধার করে। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, দেওয়ালির পার্টিতে যোগ দিয়েছিলেন ওই তরুণী। পার্টি চলাকালীন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে।
অতিরিক্ত মদ্যপানে মৃত্যু, নাকি তরুণীকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় বিকাশ দত্তকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদের।







