
গাজায় নিজেদের প্রশাসনিক কর্তৃপক্ষের বিলুপ্তি ঘোষণা করেছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। সংগঠনের তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডে একটি টেকনোক্র্যাট কমিটির দ্বারা অসামরিক শাসন প্রতিষ্ঠার পথ সুগম করা হল।
হামাসের মিডিয়া অফিস প্রধান ইসমাইল আল-তাওয়াবতা বলেছেন, সরকারের জরুরি বিষয়ক কমিটির প্রধান মহম্মদ আল-ফাররা আনুষ্ঠানিক ভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা-র কাছে প্রশাসনিক ও সরকারি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে বর্তমান প্রশাসনিক কর্তৃপক্ষ বিলুপ্ত করারও সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইজরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এনসিএজি গঠন করেছিল বোর্ড অব পিস। এ বার তাদের সুপারিশ মেনে শান্তিপ্রক্রিয়ায় গতি আনার ইতিবাচক বার্তা দিয়েছে হামাস।








