
গাজা শান্তি পরিকল্পনার আলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা প্রস্তাবের অংশ হিসেবে জীবিত ও মৃত সকল ইসরায়েলি পণবন্দী মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠনটির এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং এতে উৎসাহিত হয়েছেন।ডুজারিক বলেছেন, মহাসচিব সব পক্ষকে গাজায় সংঘাত শেষ করার সুযোগটি গ্রহণ করার আহ্বান জানান এবং কাতার ও মিসরকে মধ্যস্থতাকারী ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, মহাসচিব তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন,তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির তাৎক্ষণিক ও শর্তহীন মুক্তি, এবং অবাধ মানবিক সহায়তার নিশ্চয়তা। রাষ্ট্রসংঘ এই লক্ষ্যগুলো অর্জনে সকল প্রচেষ্টাকে সমর্থন করবে, যাতে আরও বেশি দুর্ভোগ রোধ করা যায়।









