
মন্দারমণির বিলাসবহুল হোটেল থেকে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আবুল নাসার নামে ওই তৃণমূল নেতা উত্তর ২৪ পরগনার আমডাঙার আদহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলে জানা গিয়েছে।
আবুলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। শুক্রবার সকালে হোটেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কর্তৃপক্ষ ডাকাডাকির পর দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে বন্ধুদের মন্দারমণি ঘুরতে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও অন্য বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ॥ যদিও আমডাঙার পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান জানিয়েছেন এই মৃত্যুর পিছনে রাজনৈতিক কোনও বিষয় নেই।
অন্যদিকে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ সূত্রে খবর ৩৪ বছরের তৃণমূল নেতার মৃত্যুর পিছনে সম্পর্কের জটিলতা থাকতে পারে। তৃণমূল নেতার বান্ধবী বেড়াতে গিয়ে অন্য এক যুবকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। তা নিয়ে মনোমালিন্য। এরপরেই দেহ উদ্ধার হয়।








