পাকিস্তানি নায়িকার সঙ্গে দিলজিৎ-র রোম্যান্স 

0
147
ছবি সৌজন্যে : এক্স

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে কার্যত একঘরে পাকিস্তানি তারকাদেরও।

প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ কুম্ভীরাশ্রু বলেও কটাক্ষ করেছে।শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। এর মধ্যে খবর,জঙ্গিহামলার জেরে প্রতিবেশী দেশের শিল্পীরা যখন রোষানলে, তখন এমন আবহে পাক সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে রোম্যান্সে মজে দিলজিৎ দোসাঞ্ঝ। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে নেটিজেনরা। তবে বাস্তবে দিলজিৎ-হানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক নেই, সর্দার থ্রি সিনেমায় তাঁদের জুটি বাঁধার কথা আগেই শোনা গিয়েছিল।সেই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।একদিকে যখন পহেলগাঁও কাণ্ডের জেরে ,আবির গুলাল-এর মুক্তি আটকে গিয়ে ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তনের স্বপ্ন বিশ বাঁও জলে,তখন হানিয়া আমির কেন সর্দার থ্রি সিনেমার শুটিংয়ে? উঠেছে প্রশ্ন। সেট থেকে ক্যামেরার নেপথ্যের কিছু ছবি শেয়ার করতেই বিপাকে পড়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে।দিলজিৎ যদিও হানিয়া আমিরকে ট্যাগ করেননি কিংবা তাঁর পোস্টে পাক অভিনেত্রীর নাম নেননি, তবে ফ্যান ফলোয়াররা সেই অ্যালবামে হানিয়াকে খুঁজে বের করেছেন।একটি ফটোতে নীরু বাজওয়ার ঠিক পিছনেই পাক নায়িকার মতো দেখতে একজনকে আবিষ্কার করেছে নেটপাড়া।শুধু তাই নয়, পাঞ্জাবি পপস্টারের পরনে টি শার্টেও নাকি হানিয়ার মুখ উঁকি দিচ্ছে,বলে দাবি তাঁদের। এরপরই নেটপাড়ার একাংশ দিলজিৎকে প্রশ্ন ছুড়েছেন,এত কিছুর পরও কেন হানিয়াকে কাস্ট করা হল? যদিও সেসব বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ।

তবে এই সিনেমায় যদি সত্যিই হানিয়া আমির থাকেন, তবে ছবির ভবিষ্যৎ নিয়ে যে ফের একটা দ্বন্দ্ব বাঁধবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা বলাই বাহুল্য। জুন মাসের ২৭ তারিখ,সর্দার থ্রি মুক্তি পাওয়ার কথা।