
হান্টাভাইরাস কোভিড অতিমারির আকার নেবে না। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। তবে সংক্রামিতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। হু-র ডিরেক্টর জেনারেল টেডরোস আধানোম গেব্রিয়েসাস জানান, সংক্রামিতের খুব কাছাকাছি এলে তবেই কেউ ওই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
অ্যান্ডেস ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ছ’সপ্তাহ কেটে গেলে তার প্রথম লক্ষণ ধরা পড়তে পারে। তাই গেব্রিয়েসাসের মতে, আগামী দিনে এই ভাইরাসে আরও অনেকে সংক্রামিত হয়েছেন বলে খবর মিলতে পারে।
এই সংক্রমণের ঘটনা গুরুতর হলেও প্রাণহানির ঝুঁকি কম। তারা এ-ও জানিয়েছে, এই সংক্রমণের ফলে জনগণের এখনই ঝুঁকির কোনও কারণ নেই। তবে ১২টি দেশকে সতর্ক করেছে হু। যে জাহাজে এই সংক্রমণ হয়েছে, তার যাত্রীরা আতঙ্কিত হয়ে গন্তব্যে পৌঁছোনোর আগেই নেমে গিয়েছেন। তাঁদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আমেরিকা, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সিঙ্গাপুর, সুইডেন, সুইৎজারল্যান্ড, তুরস্ক, ব্রিটেনকে সতর্ক করা হয়েছে।







