
কিস্তেওয়ারের পর এবার জম্মু কাশ্মীরের কাঠুয়ায় হড়পা বানে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। এই ঘটনায় আহত হয়েছেন বহু। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয় কাঠুয়ার একাধিক স্থানে। রাতের অন্ধকারে হু হু করে জল ঢুকে যায় গ্রামে। ভোর সাড়ে তিন-চারটার মধ্যে ভয়াবহ আকার নেয় পরিস্থিতি।
ভূমি ধসে চাপা পড়ে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয়দের সঙ্গে পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীও। কর্মকর্তারা জানিয়েছেন, চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় একই সময়ে কাঠুয়ার রাজবাগ এলাকার ঘাটি এবং আরও একাধিক গ্রামে প্রবল মেঘভাঙা বৃষ্টি হয়। একটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।
কাঠুয়ার বন্যা পরিস্থিতি এবং ভূমিধসে মৃত্যুর ঘটনার পর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। এদিকে, জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্সে লিখেছেন, মেঘ ভাঙনে একটি রেললাইন, জাতীয় সড়ক-৪৪ এবং একটি পুলিশ স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
