ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কট্টরপন্থী জালিলি

0
217
Radical Jalili ahead of presidential election in Iran
Radical Jalili ahead of presidential election in Iran

পশ্চিম এশিয়ার দেশ ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত সাঈদ জালিলি ভোট গণনায় এগিয়ে রয়েছেন।

তারপরেই রয়েছেন সংস্কারপন্থী মাসুদ পাজেশকিন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা মোহসেন বলেছেন, এখন পর্যন্ত ১ কোটিরও বেশি ভোট গণনা করা হয়েছে। যার মধ্যে কট্টরপন্থী প্রাক্তন পারমাণবিক আলোচক সাঈদ জালিলি ৪২ লাখ ৬০ হাজার ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পাজেশকিন পেয়েছেন ৪২ লাখ ৪০ হাজার ভোট। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। অন্যদিকে ইরানের ধর্মীয় নেতারা যে পরিমাণ ভোটার উপস্থিতির আশা করেছিলেন,এটা তার চেয়ে অনেক কম। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানী তেহরান এবং অন্যান্য শহরের ভোটকেন্দ্রগুলো খালি ছিল।ইরানের বার্তাসংস্থা জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচন রানঅফে গড়াবে তা অনেকটাই নিশ্চিত।উল্লেখ্য,ইরানের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী অংশ নেবেন তাদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান তাহলে তাকে মোট ভোটের ৫০ শতাংশ বা তারও বেশি ভোট পেতে হবে।কোনও প্রার্থী ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে রানঅফে। যেখানে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই রানঅফে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অন্যদিকে,২০ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।