
২০২৬ আইপিএল সিজনে আবারও ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। একের পর এক হারের ধাক্কার মধ্যে এবার মাঠে আচরণবিধি ভাঙার কারণে শাস্তির মুখে পড়লেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইডেন গার্ডেন্সে ঘটে এই ঘটনা। ম্যাচ চলাকালীন রাগের মাথায় স্টাম্পের বেল ছুড়ে ফেলায় আচরণবিধি ভাঙার অভিযোগ ওঠে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে।ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড,বিসিসিআই–এর পক্ষ থেকে জানানো হয়েছে, হার্দিক লেভেল-১ আচরণবিধি ভেঙেছেন।আইপিএলের ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন মাঠের সরঞ্জাম বা ক্রিকেটীয় উপকরণে অনুপযুক্ত আচরণ করা নিষিদ্ধ। ঘটনার সময় কলকাতা নাইট রাইডার্সের রান তাড়ার দশম ওভারের চতুর্থ বলের পর নিজের রান-আপে ফেরার সময় ক্ষুব্ধ হয়ে স্টাম্পের বেল ছুড়ে ফেলেন মুম্বাই অধিনায়ক। পরে তিনি নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন।
এর পাশাপাশি তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।আইপিএলের নিয়ম অনুযায়ী, চার থেকে সাতটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে।







