
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হুমকি দিয়েছেন,যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবৈধ ও সহিংস কর্মকাণ্ড সম্পর্কিত রেকর্ড জমা না দেয়, তাহলে তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করার ক্ষমতা বাতিল করে দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে ডিএইচএস বা, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।নোয়েম হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের অবৈধ ও সহিংস কর্মকাণ্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে বলেছেন।
অন্যথায় বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম ,এসইভিপি সার্টিফিকেশন বাতিল করা হবে।এই সার্টিফিকেশন বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফর্ম ইস্যু করার অনুমতি দেয়, যা তারা আমেরিকায় প্রবেশের ভিসা পাওয়ার জন্য ব্যবহার করে থাকে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে ৬ হাজার ৭৯৩ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে, যা মোট ভর্তি শিক্ষার্থীর ২৭.২%।অন্যদিকে ডিএইচএস আরও জানিয়েছে, হার্ভার্ডের দুটি ফেডারেল অনুদান বাতিল করা হয়েছে, যার মোট মূল্য ২.৭ মিলিয়ন ডলার।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা এই চিঠি সম্পর্কে অবগত, তবে আগের বিবৃতিতে তারা যা বলেছে, সেটাই পুনর্ব্যক্ত করছেন,বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না এবং সাংবিধানিক অধিকারও ছাড়বে না।তিনি বলেছেন, তাঁদের সম্প্রদায়ের কারও বিরুদ্ধে যদি ফেডারেল পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আশা করেন তা স্পষ্ট প্রমাণের ভিত্তিতে, নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রত্যেক ব্যক্তির সাংবিধানিক অধিকারকে সম্মান করেই করা হবে।








