পাক গুপ্তচরবৃত্তি, মহিলা ইউটিউবার-সহ ধৃত ৬ 

0
224
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার এক মহিলা ইউটিউবার-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণীর নাম জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, নাম— ট্রাভেল উইথ জো।
তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা পাকিস্তানের চর হিসেবে কাজ করত, গোপন তথ্য পাচারের বিনিময়ে সীমান্তের ওপার থেকে পেত মোটা টাকা। নিউ দিল্লিতে পাক হাইকমিশনের এক সদস্য এহসান উর রহিম ওরফে দানিসের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। দানিসের উদ্যোগে ২০২৩ সালে ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন এই মহিলা। গত মঙ্গলবার এই দানিসকে অযাচিত বলে ভারত ছাড়া করেছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, শুধু দানিস নয়, পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ বা গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত আরও একাধিক জনের সঙ্গে যোগাযোগ রয়েছে জ্যোতির। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সোশাল মিডিয়া ব্যবহার করে পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখত অভিযুক্ত। শাকির ওরফে রানা শাহবাজ নামে এক পাক এজেন্টের নম্বর জাঠ রানধাওয়া নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে। জ্যোতি ছাড়াও পাঞ্জাবের বাসিন্দা গুজালা নামে ৩২ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়েছিল এই যুবক। গুজালাকে পাকিস্তানে যাওয়ার ভিসা পাইয়ে দিয়েছিল এই দানিসই। এই গুজালার সঙ্গে দানিসের ঘনিষ্ঠতা বিয়ের প্রতিশ্রুতিতে পৌঁছয়। সেই মতো দফায় দফায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পাঠানো হয় গুজালাকে। পাকিস্তান থেকে ফিরে আসার পর ২৩ এপ্রিল গুজালা তার বন্ধু বানু নাসরিনা ও আর এক মহিলাকে নিয়ে পাক হাই কমিশনে আসেন। দানিস তাদেরও পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করে দেন। এই মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পাঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, হরিয়ানার কৈথালের দেবিন্দর সিং ধিলন, ইনি এক শিখ ছাত্রনেতা ও হরিয়ানার নুহের আরমান। এরা প্রত্যেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এবং দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার করতেন।
এদিকে, হরিয়ানার বছর ২৫-র এক পড়ুয়ার সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থার যোগ-র খবর পাওয়া গিয়েছে। দেবেন্দ্র সিং নামে ওই ছাত্রকে সম্প্রতি অন্য একটি মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে পাক গুপ্তচরদের যোগাযোগের তথ্য মিলেছে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।