
ইজরায়েলি রকেট হানায় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লা নিহত হওয়ার পরে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তুতোভাই হাশেম সাফি আল দিন। নাসরাল্লার থেকে চার বছরের ছোট হাশেমের বয়স এখন ৬৪ বছর।
তাঁদের চেহারাতেও মিল রয়েছে। তরুণ বয়সে একই সঙ্গে দু’জনে হিজবুল্লায় যোগ দিয়েছিলেন। দু’জনেই তার পরে ইরানে একসঙ্গে ধর্মশিক্ষা নিতে যান। ১৯৯২-এ আকাশপথে ইজরায়েলি হানায় হিজবুল্লার শীর্ষ নেতা আব্বাস আল মুসাভি নিহত হওয়ার পরে তাঁর জায়গা নিতে নাসরাল্লাকে লেবাননে নিয়ে আসা হয়েছিল। তার দু’বছর পরে হাশেমকেও বেরুটে ফিরিয়ে আনা হয় নাসরাল্লার উত্তরসূরিমনোনীত করে। ২০১৭ সালে আমেরিকা হাশেমকে জঙ্গি ঘোষণা করে। একই বছরে সৌদি আরব তাঁকে কালো তালিকাভুক্ত করেছিল। আমেরিকার হামলায় নিহত ইরানের সেনাকর্তা কাশেম সোলেমানির মেয়ের শ্বশুর হওয়ায় সেই দেশের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে হাশেমের।
