
এক্সের সিইও ইলন মাস্ক সম্প্রতি হ্যাশট্যাগ ব্যবহারের সমালোচনা করে বলেছেন, এগুলো এখন আর প্রয়োজনীয়নয় এবং দেখতে কুৎসিত লাগে। একটি পোস্টে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা টুল,গ্রক-এর মতামত উল্লেখ করে বলা হয়েছিল, হ্যাশট্যাগ জলে পর্দা লাগানোর মতো অর্থহীন এবং নির্দেশহীন টিকিট।
গ্রকের মতে, একটি পোস্টে হ্যাশট্যাগের ছড়াছড়ি এমন এক অসহায় চিৎকারের মতো, যা ইন্টারনেটের বিশাল ভিড়ে হারিয়ে যায়।এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লিখেছেন, দয়া করে হ্যাশট্যাগ ব্যবহার বন্ধ করুন। সিস্টেম এগুলো আর প্রয়োজন মনে করে না এবং দেখতে কুৎসিত লাগে। এদিকে মাস্কের মন্তব্যে ইউজারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।কিছু ইউজার তার বক্তব্যকে সমর্থন করলেও অন্যরা হ্যাশট্যাগের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন।একজন মন্তব্য করেছেন, তিনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করেন। প্রথমেই ব্র্যান্ডগুলোকে বুঝিয়ে দেন যে হ্যাশট্যাগ ব্যবহার না করাই ভালো,কারণ এগুলো দেখতে স্প্যামি মনে হয়।অন্যদিকে একজন লিখেছেন, হ্যাশট্যাগের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ের পোস্টগুলো খুঁজে পাওয়া সহজ।এটি ক্লিক করার মাধ্যমে একই হ্যাশট্যাগ ব্যবহার করা অন্যান্য পোস্ট দেখা যায়।
এ বিষয়ে এখনো কোনো বিকল্প দেখা যায় নি। অন্য এক ইউজার বলেছেন, ইলন মাস্ক হয়তো তার কোটি কোটি ফলোয়ারের কারণে হ্যাশট্যাগকে গুরুত্ব না দিতে পারেন, কিন্তু ছোট অ্যাকাউন্টের জন্য এগুলো এখনো কৌশলগতভাবে কার্যকর।
