
বাংলাদেশে বেআইনিভাবে ক্ষমতা দখলকারী মুহাম্মদ ইউনূস সরকার সর্ব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির নিন্দা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার বিবৃতি দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির তীব্র নিন্দা করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে আইনজীবী হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবিও জানিয়েছেন। শেখ হাসিনা বিবৃতিতে জানিয়েছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা করছেন তিনি। এই নৃশংস অপরাধের জন্য দায়ী যারা, তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। একজন আইনজীবী তাঁর পেশাগত দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁকে যারা পিটিয়ে হত্যা করেছে, তারা সন্ত্রাসবাদীর তুলনায় কিছু কম নয়। তারা যেই হোক না কেন, শাস্তি দিতে হবে। মুহাম্মদ ইউনূসের অসাংবিধানিক এই সরকার যদি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাদের ঘাড়েও মানবাধিকার রক্ষা করতে না পারার দায় বর্তাবে।সে দেশের সাধারণ মানুষের উদ্দেশে শেখ হাসিনার বার্তা, বাংলাদেশের মানুষের কাছে আর্জি, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, সনাতনী সমাজের একজন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। লুঠ, ভাঙচুর, হামলা চলেছে। নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা যেনতেন প্রকারে রক্ষা করতে হবে।








