হ্যাটট্রিক : সান্তোসে নেইমার ১৫০ গোল

0
75
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হাঁটুর চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি,তবুও মাঠে দেখা গেল অন্য এক নেইমারকে। ব্রাসিলেইরাওয়ে জুভেন্তুদের বিপক্ষে ঠিক সেই পরিচিত জাদুই দেখালেন তিনি।

দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে সান্তোসকে ৩-০ ব্যবধানে জিতিয়ে দিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য ম্যাচটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ।গত কয়েক ম্যাচ ধরে ব্যথা নিয়েই খেলছেন ৩৩ বছর বয়সী নেইমার।ক্লাব-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,সিজন শেষে তার বাঁ হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করতে হতে পারে।তবে মাঠে নামার পর এসব নিয়ে ভাবার সুযোগ দেননি নেইমার। ৫৬ মিনিটে দ্রুত আক্রমণ থেকে প্রথম গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি।কিছুক্ষণ পর ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন।এরপর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করা,সব যেন এক নিখুঁত ছন্দ।২০২২ সালের এপ্রিলের পর এটিই নেইমারের প্রথম হ্যাটট্রিক।পিএসজির হয়ে ক্লার্মোর বিপক্ষে করা সেই তিন গোলের পর দীর্ঘ বিরতি ছিল তার।আর এর মধ্য দিয়েই সান্তোসের হয়ে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন নেইমার। এই জয়ে অবনমন অঞ্চলের ওপর ভালো স্থানে আছে সান্তোস। এক ম্যাচ হাতে রেখে তারা এখন ভিটোরিয়ার চেয়ে দু’ পয়েন্টে এগিয়ে। রোববার ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্রথম বিভাগে টিকে থাকা।আগেই অবনমন নিশ্চিত হওয়া জুভেন্তুদের জন্য এটি টানা চতুর্থ পরাজয়।

এদিকে, বারবার চোটে ভুগলেও আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার আশা ছাড়েননি নেইমার।কোচ কার্লো আনচেলত্তিও জানিয়ে দিয়েছেন, ফিট নেইমারকে দলে দেখতে তিনি উন্মুখ।