হাথরসের স্কুলে শিশুকে বলি, গ্রেফতার শিক্ষক-সহ ৫ 

0
240
উত্তরপ্রদেশের হাথরসে দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে বলি দেওয়ার অভিযোগে স্কুলের ডিরেক্টর, তার বাবা এবং তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ সূত্রের খবর, হাথরাসের রাসগাও এলাকায় ডি এল পাবলিক স্কুলের ডিরেক্টর, তাঁর বাবা এবং তিন শিক্ষক ওই স্কুলের উন্নতিকল্পে এই নরবলির পরিকল্পনা করেন।
আসলে ওই বেসরকারি স্কুলটি বেশ কিছুদিন ধরে লোকসানে চলছিল। স্কুলের ডিরেক্টরের বাবাই মূলত নরবলির পরিকল্পনা করে। তার বিশ্বাস ছিল, একটি শিশুকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে স্কুলের নাম-যশ দুইই ফিরবে।পুলিশ জানিয়েছে, সেপ্টেম্বর মাসে একাধিকবার স্কুলের হস্টেল থেকে শিশুকে তুলে এনে বলি দেওয়ার চেষ্টা হয়। প্রথমবার বলি দেওয়ার চেষ্টা হয় ৬ সেপ্টেম্বর। কিন্তু সেবার যে শিশুটিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল, সে সতর্ক হয়ে হস্টেল রুমের অ্যালার্ম বাজিয়ে দেয়। পরিকল্পনা ব্যর্থ হয়। ২২ সেপ্টেম্বর ফের চেষ্টা করা হয় খুনের। পরদিন সকালে নিজের বিছানায় নিথর দেহ পাওয়া যায় শিশুটির। মৃত শিশুর বাবা জানিয়েছেন, তাঁকে হস্টেল থেকে ফোন করে বলা হয়, তাদের সন্তান গুরুতর অসুস্থ। সঙ্গে সঙ্গে স্কুলে চলে যান শিশুর বাবা। জানা যায়, শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষে হাসপাতালে ছুটে গিয়ে শিশুর বাবা দেখেন অভিযুক্তদের গাড়িতে তাদের সন্তানের দেহ পড়ে আছে।তদন্তে নেমে পুলিশ স্কুল চত্বর থেকে বলির সামগ্রী পায়।