
উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গে পদপিষ্ট-র ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১। মৃতদের বেশিরভাগই শিশু ও মহিলা।
অন্যদিকে, সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লাখ এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে তিনি।এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার জন্য সৎসঙ্গের আয়োজক কমিটিকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের একাংশের দাবি, সৎসঙ্গের জন্য যে প্যান্ডেল বাঁধা হয়েছিল, তা ঘেরা ছিল। সেখানে কোনও পাখার ব্যবস্থা ছিল না। প্রচণ্ড গরমের কারণে প্যান্ডেলের ভেতর হাঁসফাঁস করছিলেন ভক্তরা। অনুষ্ঠান শেষের পর ভক্তরা হুড়মুড়িয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বেরনোর জন্য যে গেটের ব্যবস্থা করা হয়েছিল সেটিও ছিল অত্যন্ত সংকীর্ণ। ফলে বের হওয়ার সময় আগে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এই অবস্থায় পড়ে যান অনেকেই বাকিরা তাঁদের উপর দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে।যার জেরে পদপিষ্ট-র ঘটনা ঘটে।
