
রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মালদায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠেছে। মালদার ইংরেজ বাজারের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা।
জানা যায়, ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। এই দায়িত্বে থাকার সময় তাদের নজরে পড়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু মিড ডে মিল চাল তছরুপ এবং হিসেব গরমিল করছেন। ঘটনার প্রতিবাদ করেন তারা। তাতে লাভ না হওয়ায় ওই বিদ্যালয়ের দুই নোডাল শিক্ষক মালদার জেলাশাসক, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান এবং ইংরেজ বাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপরও প্রশাসন এবং পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষমেষ অভিযোগকারী ওই দুই শিক্ষক মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু কিছু বলতে চাননি। এদিকে, নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিতলা থানার কামারি আইসিডিএস সেন্টারে।
অভিযোগ, দীর্ঘদিন যাবৎ ওই কেন্দ্রে নিম্নমানের খাওয়ার দেওয়া হয়, এরপরই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রানিতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছবি সৌজন্যে : নিজস্ব
