
স্বাস্থ্য বিষয়ক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ নবান্নে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তা, আধিকারিক এবং সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকদের ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর জি কর আন্দোলনের মাঝেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি চলাকালীনও রাজ্যের আইনজীবী জানিয়েছেন, দু’সপ্তাহের মধ্যেই সরকারি হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে রাজ্যের সরকারি হাসপাতালগুলির অবস্থা কেমন, জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








