
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।শুনানি শেষে এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
সেদিন সিবিআইকে ফের পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবারের শুনানিতে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয় সিবিআই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখার পরে জানিয়েছে, তদন্ত চালিয়ে যেতে পারে সিবিআই। সুপ্রিম কোর্টে আর জি কর মামলার চতুর্থ শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নিয়েছিলেন। চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনা থেকে শুরু করে একাধিক বিষয় ওঠে আদালতে। দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তবে এই রিপোর্ট খতিয়ে দেখে প্রশ্নও তোলেন বিচারপতি। পাশাপাশি, এদিনের শুনানিতে নাম ওঠে ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোমেরও। নির্যাতিতার ময়নাতদন্তের প্রধান চিকিৎসক ছিলেন তিনিই। এছাড়াও এদিনের মামলায় জুনিয়র ডাক্তারদের তরফের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছেন, এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা নয়। চার জনের নাম রয়েছে, যাঁরা ঘটনার দিন ক্রাইম সিনে ছিলেন। দু’জনের নাম সিবিআইকে দেওয়া হয়েছে। পাশাপাশি, সিবিআই তদন্তের স্ক্যানারে নাম আসা, হাসপাতালের ৭ জনকে সাসপেন্ড করার দাবিও জানান তিনি। কারণ তাঁরা তদন্তে প্রভাব খাটাতে পারেন বলে সন্দেহ তাঁর। ডাক্তারদের আইনজীবী করুণা নন্দীর তরফেও একই আবেদন করা হয়।
