
বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়েছে। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহর আদালতে এ শুনানি হয়।
মামলার বাদী পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা ও প্রাক্তন মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী বলেছেন, নালিশি মামলায় পিবিআইয়ের রিপোর্ট পাওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।শুনানি শেষে আদালত কোনো আদেশ দেয়নি,আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়েছে।মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়।তদন্ত শেষে পিবিআই আদালতে রিপোর্ট দাখিল করে। এর আগে আসামিপক্ষের আইনজীবী কেপি শর্মা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির দিন নির্ধারণ করেন।উল্লেখ্য,২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা হয়।








