
গরমে নাভিশ্বাস উঠছে মহারাষ্ট্রে। সেখানে কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলছে। অকোলা, বিদর্ভ এবং রত্নাগিরি-সহ রাজ্যের বেশির ভাগ জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে।
মৌসম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অকোলা জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে ১৫ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রত্নাগিরি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। ওই জেলায় ছ’জন আক্রান্ত হয়েছেন। পালঘরে আক্রান্তের সংখ্যা দুই। এ ছাড়াও পুণে, রায়গড়, নাসিক, নন্দুরবার, জলগাঁও জালনা এবং গঢ়চিরৌলিতেও এক জন করে হিটস্ট্রোকে আক্রান্ত। পুণে পুরনিগমের তথ্য বলছে, গত এক মাসে ৬০০ জনেরও বেশি মানুষ গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।









