
গরমে পুড়ছে দেশের বেশির ভাগ অংশ। উত্তর-পশ্চিম থেকে উত্তর এবং পূর্ব ভারতে গরমে হাঁসফাঁস অবস্থা থেকে কবে রেহাই মিলবে, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তার মধ্যে দেশের উত্তর এবং পূর্বের রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
দু’দিন আগেই উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছিল। ওই দিন উত্তরপ্রদেশের বন্দীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, দিল্লিতেও তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শুধু দিল্লি কিংবা উত্তরপ্রদেশই নয়, গরমে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, রাজস্থান-সহ বিস্তীর্ণ অঞ্চল। মৌসম ভবন জানিয়েছে, আগামী দিনে গরমের মাত্রা আরও বাড়বে উত্তর-পশ্চিম, উত্তর, পূর্ব এবং মধ্য ভারতে। আগামী সপ্তাহেও দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলেও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের।
আগামী ২৭ মে পর্যন্ত তাপপ্রবাহ এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের কোনও কোনও শহরে গত কয়েক দিনে তাপমাত্রা ৪৫-৪৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পূর্ব ভারতে ৪০-৪৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের হলুদ সতর্কতার অর্থ দু’দিন ধরে টানা এই পরিস্থিতি বজায় থাকবে। কমলা সতর্কতার অর্থ হল, দু’দিন তীব্র তাপপ্রবাহ থাকবে। তার পর আরও চার দিন বা তার বেশি দিন ধরে তাপপ্রবাহ চলবে। লাল সতর্কতার অর্থ হল, তীব্র তাপপ্রবাহ চলবে দু’দিনের বেশি সময় ধরে।








