
বসন্তের শুরুতে চড়ছে তাপমাত্রা, এরই মধ্যে রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।
উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে, শীতের আমেজ আর নতুন করে ফিরবে বলে কোনও পূর্বাভাস নেই। বরং, সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার সকাল থেকে আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
