
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মান্থা।
থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ মন্থন। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক। মঙ্গলবার সন্ধেয় ল্যান্ডফল করতে পারে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। সেই সময় সর্বোচ্চ গতি থাকতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়ে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে। সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারদুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বুধবার বৃষ্টি কমলেও বৃহস্পতিবার ফের বাড়তে পারে।







