
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। শনিবার কলকাতা এবং শহরতলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে। পারদ নামতে পারে আরও খানিকটা। দক্ষিণের সব জেলায় সারা সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবারের জন্য। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই সতর্কতা রবিবার রয়েছে হাওড়া, হুগলিতে। উত্তর ২৪ পরগনায় রবিবারের পাশাপাশি এই সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার এবং বুধবারও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে সতর্কতা রয়েছে শুধু রবিবার ও বুধবার। এ ছাড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় একই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার বেগ কিছুটা বেশি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
এই জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বর্ষণের পূর্বাভাস রয়েছে।






