
রাতভর ঝড়বৃষ্টি চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখভার।
রোদ তেমন ওঠেনি, আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে আপাতত বুধবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সঙ্গে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
বুধবারও দক্ষিণের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে।উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





