
একে বর্ষা, তায় আবার দোসর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অঞ্চল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েই চলেছে। ভারী বর্ষণে বিরাম নেই উত্তরবঙ্গেও। তবে আপাতত উত্তরে দুর্যোগ কিছুটা কমতে চলেছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আরও কিছু দিন ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত বর্ষণে ভিজবে কলকাতা ও শহরতলি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কাছাকাছি যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, তা এখন শক্তি হারিয়েছে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে এই চার দিনে দক্ষিণবঙ্গের অন্য একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সোমবার। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
