
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতায়। শহরতলির বিভিন্ন অংশেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
সঙ্গে রয়েছে বজ্রপাত এবং ঝড়ের তাণ্ডব। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। তার ফলে গরমও কিছুটা কমবে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশে মেঘ ছিল। কখনও কখনও রোদ উঠেছে মেঘের আড়াল কাটিয়ে। তবে রোদের তেজ তুলনামূলক কম ছিল। সন্ধ্যার মুখে শহরের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামে। সল্টলেক, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপটে ব্যস্ত সময়ে থমকে গিয়েছে শহর এবং শহরতলি। সঙ্গে প্রচণ্ড শব্দে বাজও পড়েছে শহরের কয়েক জায়গায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছা়ড়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলেছে। তবে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে। শুক্রবারও মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।





