
প্রবল বৃষ্টিপাত দিল্লিতে। ভাসছে সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। বৃষ্টিতে ভাসছে রাজধানীর মিন্টো ব্রিজ, বিজয় চক, রফি মার্গ, মতি বাগ ফ্লাইওভার, নিজামউদ্দিন ফ্লাইওভার এলাকা। এই বৃষ্টির জেরেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষেবা ব্যহত হয়েছে।
৫০টি বিমান ছাড়ার সময় পিছনো হয়েছে, পাশাপাশি মঙ্গলবার সকাল পর্যন্ত বাতিল হয়েছে ৫টি বিমান বলে সূত্রের খবর। শুধুমাত্র দিল্লিই নয়, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও জারি হয়েছে সতর্কতা। উত্তর ভারতের কিলং, ক্ষিতি ভ্যালি, কাজা, কলপা, সাংলা, কসৌলি ছাড়াও আরও বেশ কিছু জায়গায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়ে উত্তরকাশী। হড়পা বানে ভেসে যায় সাইনজি গ্রাম।
বেশ কিছু হতাহতের পাশাপাশি খবর মিলেছিল নিখোঁজ হয়েছেন ২৮ জন পর্যটক। সেই দুর্ভোগ কাটিয়ে ওঠার আগেই ফের দূর্যোগের চোখরাঙানি। মঙ্গলবার ভোর থেকে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ-সহ রাজধানী সংলগ্ন শহরতলিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে।






