দুর্যোগ উত্তরবঙ্গে, কলকাতা-সহ দক্ষিণে বিক্ষিপ্ত

0
28
ছবি সৌজন্যে : নিজস্ব

আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশের পরেও দক্ষিণবঙ্গ-সহ গোটা দেশেই বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে ভিজে চলেছে।

আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলাবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে প্রবল বর্ষণ চলবে উত্তরের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।  সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।  কলকাতা এবং হুগলিতে আগামী বুধবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া আগামী সাত দিনে আর কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বইবে ঝোড়ো হাওয়াও। প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে।

উত্তর সিকিমের মঙ্গন জেলায় টানা বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। নদীর জল রবি ঝোরা এলাকা ছাড়িয়ে দার্জিলিং রোড পর্যন্ত পৌঁছেছে। কালিম্পংয়ের তিস্তা বাজারের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।