উত্তরকাশীতে ভাঙল হেলিকপ্টার, মৃত ৫ 

0
140
ছবি সৌজন্যে : এক্স
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দেহরাদুন থেকে ৭ জন তীর্থযাত্রীদের নিয়ে হরসিল যাওয়ার সময় বিকট শব্দে ভেঙে পড়ে চপারটি। 
আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দা, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্গম এই জায়গা থেকে মৃত ও আহতদের উদ্ধার করতে পৌঁছয় সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা দল, অ্যাম্বুল্যান্স। পৌঁছন ভাটওয়ারির বিডিও। বিমানে থাকা প্রত্যেককেই অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সাত জনের মধ্যে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দু’জনের চিকিৎসা চলছে। গারোয়ালের ডিভিশনাল কমিশনার বিনয়শঙ্কর পান্ডে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।