
জেল মুক্তির পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ফিরতে চলেছেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। সূত্রের খবর, জেএমএম, কংগ্রেস এবং আরজেডির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফের তাঁকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর হবে।
এদিকে, ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে দেওয়া হবে দলের সভাপতি পদ। বর্তমানে যে পদে রয়েছেন হেমন্ত সোরেন। হেমন্ত সোরেনের জেলমুক্তির পর ঝাড়খণ্ডের রাজনীতিতে একাধিক রদবদল নজরে এসেছে। ধীরে ধীরে সরকারি কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেছেন চম্পাই সোরেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যে ১৫০০ শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সরকারি অনুষ্ঠান কোনও কারণ ছাড়া হঠাৎ বাতিল করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও একাধিক কর্মসূচি বাতিল হয়েছে। যা থেকে সম্ভাবনা আরও দৃঢ় হচ্ছে মুখ্যমন্ত্রী পদে রদবদলের। জমি দুর্নীতি মামলায় ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদ থেকেও। তারপরেই ঝাড়খণ্ডের রাজনীতিতে শুরু হয় ডামাডোল। কংগ্রেস, আরজেডি ও অন্যান্য জোটসঙ্গীদের সম্মতিতে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়।
