
ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোটে জয়ের পরেই মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাৎপর্যপূর্ণভাবে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএমের প্রথম সারির নেতা চম্পই সোরেনও।
সোমবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট সরকারের ১১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। কংগ্রেসের রামেশ্বর ওরাওঁ, ইরফান আনসারি, বান্না গুপ্তা, দীপিকা পাণ্ডে সিং এবং আরজেডির বিধায়ক সত্যানন্দ ভক্তা রয়েছেন এই তালিকায়। চম্পই সোরেন ছাড়াও জেএমএমের বৈদ্যনাথ রাম, মিথিলেশ কুমার ঠাকুর, হাফিজুল হাসান, দীপক বিরুয়া, বেবি দেবী মন্ত্রিপদে শপথ নিয়েছেন।এদিন আস্থাভোটে ৮১ জনের বিধানসভায় ৪৫ জন বিধায়কের সমর্থন পান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রসঙ্গত, ৪ জুলাই জেএমএম নেতা হেমন্ত সোরেন একাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। তার আগে ৩ জুলাই সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন চম্পই সোরেন।
