
সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকদের উপরে হামলার ঘটনায় সিবিআই-র মামলায় অন্যতম অভিযুক্ত শাহজাহান শেখ-র জামিনের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি শেখ শাহজাহান-র ভাই আলমগির-র জামিন খারিজ হয়েছে। ওই মামলাতেই জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেলবন্দি শাহজাহান শেখ। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সিবিআইয়ের বক্তব্য, এই মামলায় সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের বেঞ্চ বৃহস্পতিবার শাহজাহানের জামিন মামলার রায় ঘোষণা করেছে। বিচারপতি তাঁর জামিনের আর্জি খারিজ করে দেন। সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে জানিয়েছেন, সাক্ষীদের উপর ভয় দেখানোর অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তবে আদালত জানিয়েছে, এই মামলার তদন্তে নতুন যে সব তথ্য উঠে আসবে, তার ভিত্তিতে নতুন করে জামিনের আবেদন করতে পারবেন শাহজাহান। ২০২৪ সালের গোড়ার দিকে, ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে হানা দিয়েছিল ইডি।
গন্তব্য ছিল শাহজাহানের বাড়ি। সেখানেই ইডির দল এবং তাঁদের সঙ্গে থাকা আধাসেনা জওয়ানদের উপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ।
