
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ সিবিআইয়ের মামলায় গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
সিবিআইয়ের মামলায় আগাম জামিনের আর্জি জানান তিনি। তবে সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও, ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন সুজয়কৃষ্ণ। নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল। সম্প্রতি ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরই মধ্যে সিবিআই তাঁকে হেফাজতে নিতে চাইছে।
এই অবস্থায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজয়কৃষ্ণ।তবে শেষ পর্যন্ত ওই আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
