
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল সে রাজ্যের হাইকোর্ট। সেই এফআইআর যে ভাবে দায়ের করা হয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা মালিকের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এটাই কি এফআইআর? অপরাধ যে হয়েছে, সেই কথা কোথায়? এদিকে, বৃহস্পতিবার কর্নেল সোফিয়াকে কুমন্তব্যের জন্য বিজেপি-র মন্ত্রী শাহকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি আর গাভাই-র পর্যবেক্ষণ, শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়, অসংবেদনশীল। মধ্যপ্রদেশ হাইকোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাই মধ্যপ্রদেশের মন্ত্রীকে ধমক দিয়ে বলেন, কী ধরনের মন্তব্য করছেন? একটু অন্তত সংবেদনশীলতা দেখানো উচিত।
যান, গিয়ে হাইকোর্টে ক্ষমাপ্রার্থনা করুন। কর্নেল কুরেশির বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী যে মন্তব্য করেছেন, তার নিন্দা করেছেন বিরোধী দলগুলির নেতারা। এমনকি, বিজেপি নেতাদের একাংশও নিন্দায় সরব হয়েছেন। যদিও বিতর্কের মুখে ক্ষমা চান বিজেপির মন্ত্রী বিজয় শাহ।






