
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব কাটতেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ রাজ্যজুড়ে। যদিও এখনও স্বাভাবিকের চেয়ে বেশি শহরের তাপমাত্রা। এমনটাই জানিয়েছে দফতর।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৩.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে কলকাতায় ছিল মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে শনিবার। কলকাতা এবং শহরতলির কিছু অংশে রবিবার রাতেও হালকা বৃষ্টি হয়। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা আর নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে সমস্যা হতে পারে।








