
ঢাকার প্লটন মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবত তাহরীরের মিছিলকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছে পুলিশ। জানা গিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা পেরিয়ে মিছিলটি পল্টন মোড় পেরিয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়।
সেইসময়ই টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া হিযবুত তাহরীরের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। আগেই ওই সংগঠনের পক্ষ থেকে শুক্রবার মার্চ ফর খেলাফত কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে ঢাকা মহানগর পুলিশের তরফে তাদের এই কর্মসূচিতে আপত্তি জানানো হয়েছে। এই কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়েছিল পুলিশ।
