
ভারী বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় ধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কুলু এবং রামপুরে হড়পা বান নেমে আসে। তার জেরে প্রাণহানি না হলেও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হড়পা বানের জেরে এই দুই জায়গায় আতঙ্ক ছড়ায়।
অনেকেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, বৃষ্টির জেরে চম্বায় ধস নামায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে হিমাচলের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে কুলু এবং রামপুরে বৃষ্টির পরিমাণ বেশি।
তার জেরেই হড়পা বান নেমে আসে। স্থানীয়রা জানাচ্ছেন, মেঘভাঙা বৃষ্টির জেরে কুলুতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রামপুরে বৃষ্টির কারণে বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসন সূত্রে খবর, রামপুর এবং কিন্নৌরের মাঝে ধসের কারণে হিন্দুস্তান-তিব্বত রোড, ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। শতদ্রু নদীর জলের পরিমাণ বেড়েছে।
