
অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। এখনো পর্যন্ত প্রায় ৭০০ কোটির সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫। যার মধ্যে ৪৫ জনের মৃত্যুর কারণ হড়পা বান, ভূমিধসের মত ঘটনা।
সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতি হয়েছে মান্ডিতে। শুধু মান্ডিতেই হড়পা বান, ভূমিধস, মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৪ জনের। নিখোঁজ অন্তত ৩১। প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুরও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তার মধ্যেই আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
