
অসম গণ পরিষদ সহ তিন জোট সঙ্গীকে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর পর মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি বিধায়ক রামেশ্বর তেলি, চরণ বোরো এবং অজন্তা নিয়োগ। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির জোটসঙ্গী দল বা এজিপি-র প্রধান অতুল বরা।
অসমে তৃতীয়বার বিজেপি সরকার। পদ্মশিবিরে একটি প্রচলিত রীতি রয়েছে। কোনও রাজ্যে নির্বাচনে বিজেপি জিতলে সেখানে সরকার গঠন ও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়। অসমেও তার অন্যথা হয়নি। হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সহ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। পাশাপাশি ছিলেন এনডিএ-শাসিত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুয়াহাটিতে পৌঁছে অসমবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিশাল জয়ের পিছনে অসমের বিজেপি নেতাদের বড় অবদান রয়েছে।
ওড়িশা, বিহার, অসম এবং সিকিম—সব রাজ্য উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রীকে শুভেন্দু ‘বড় দাদা’ হিসেবে সম্বোধন করেছেন। অনুপ্রবেশ সমস্যা নিয়েও কড়া বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, অসম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১০২টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই ৮২টি আসন পেয়েছে এবং সহযোগী দল এজিপি ও বিপিএফ ১০টি করে আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেস জোট ১৯টি এবং তৃণমূল মাত্র একটি আসনে জিতেছে।
