
হিন্দু রাষ্ট্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভারতে মুসলিম ও খ্রিস্টানরা কোনও ধরনের হুমকির সম্মুখীন নন, সবার পূর্বপুরুষ এক,কোনও ভেদাভেদ নেই, মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব। উল্লেখ্য,২০০৯ সালে উত্তরপ্রদেশের একটি মাদ্রাসার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামদেব।
সেই সময়ে তাঁর মন্তব্য তুমুল বিতর্ক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে যোগগুরু বলেছেন, হরিদ্বারে দেওবন্দে বলেছিলেন, ধর্ম আলাদা হতে পারে কিন্তু পূর্বপুরুষ এক। ফলে হিন্দু রাষ্ট্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সকলের পূর্বপুরুষরাই ছিলেন সনাতন হিন্দু আর্য-বৈদিক। এটা লিখিত সত্য। এখানেই না থেমে দেশের সংখ্যালঘুদের বিশেষ পরামর্শও দিয়েছেন রামদেব। তিনি বলেছেন, কেউ কেউ প্রশ্ন করেন, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানরা কোথায় যাবে? সহজ উত্তর হল, নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে আপন করে নিন। হিন্দুস্তানে মুসলমান বা খ্রিস্টানদের কোনও বিপদের মধ্যে নেই। এরপরেই রামদেবের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে।
কংগ্রেস নেতা সলমান খুরশিদের প্রশ্ন, যদি সকালেই সনাতনি তাহলে এত বিভাজন তৈরি করা হয় কেন? অন্যদিকে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-এর মুখপাত্র ওয়ারিস পাঠান বলেছেন, প্রথমত, এই দেশ সংবিধান অনুযায়ী চলে এবং ভবিষ্যতেও চলবে, কে যোগগুরুকে বলল যে এটি হিন্দু রাষ্ট্র হয়ে গেছে? তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চান, এই দেশকে কি হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে? একজন মুসলমান কাউকে ভয় পায় না। ওয়ারিসের দাবি, ঘুরিয়ে ঘৃণাই ছড়াচ্ছেন যোগগুরু বাবা রামদেব।
