
মহারাষ্ট্রের লাতুরে একটি হোমে গত দু’বছর যাবৎ এইচআইভি আক্রান্ত কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই হোমেরই এক কর্মীর বিরুদ্ধে। সব জেনেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি বলেও অভিযোগ উঠেছে। এমনকি নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরে তাকে গর্ভপাতের জন্যও বাধ্য করা হয় বলে অভিযোগ কিশোরীর।
ঘটনায় ইতিমধ্যে হোমের মালিক, সুপার-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এইচআইভি আক্রান্ত শিশুদের মহারাষ্ট্রের ওই হোমটিতে থাকার ব্যবস্থা করা হয়। ১৬ বছর বয়সি ওই কিশোরীও ছিল সেখানে। অভিযোগ, ২০২৩ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ওই হোমেরই এক কর্মী তাকে চার বার ধর্ষণ করেছে।
ওই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ভয়ও দেখানো হত তাকে। এর পরেও ওই কিশোরী হোম কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। কিন্তু তার কথাকে গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ। হোমের অভিযোগ গ্রহণ বাক্সে কর্তৃপক্ষের উদ্দেশে সে একটি চিঠিও লিখেছিল। অভিযোগ, সেই চিঠিটিও ছিঁড়ে ফেলা হয়।





