
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে পর্তুগাল।পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিলেন রোনালদো-ফার্নান্দেজরা।ফলও পেয়েছে হাতেনাতে।ঘরের মাঠে রাসমুস হইলুন্দের গোলে জিতেছে ডেনমার্ক।এ জয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ডেনিশরা। কোপেনহেগেনে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। ৭৮ মিনিটে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন রাসমুস হইলুন্দ। ম্যাচ শুরু হতেই বিপদে পড়তে যাচ্ছিল পর্তুগাল। গোলরক্ষক কস্তা শট নেওয়ার সময় পা বাড়িয়ে দেন সামনেই থাকা ডেনিশ ফরোয়ার্ড মিকা বিয়েরেথ, তার পায়ে লেগে বল গোলের দিকে ছুটছিল।
স্লাইড করে গিয়ে বল ধরে বাইরে পাঠান কস্তা।অষ্টম মিনিটে ডেনিশ রক্ষণে প্রথম ভীতি ছড়ায় পর্তুগাল। পেদ্রো নেতোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল ঝাঁপিয়ে ঠেকান।২৩ মিনিটে পর্তুগালের ডি-বক্সে তাদের মিডফিল্ডার রেনাতো ভেইগার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্রিস্তিয়ান এরিকসেনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কস্তা। ৩৪ মিনিটে উল্লেখযোগ্য প্রথম প্রচেষ্টা চালান ক্রিস্টিয়ানো রোনালদো,তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৬ মিনিটে ডেনমার্ককে হতাশ করেন কস্তা। বিয়েরেথের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক।
কিছুক্ষণের মধ্যে আবার ডেনিশদেন হানা, এই দফায় এরিকসেনের শট গোললাইনে ফেরান ডিফেন্ডার দিয়োগো দালোত।দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন কস্তা। গুস্তাভ ইসাকসেনের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। প্রথমবার ব্যর্থ হলেও ৭৮ মিনিটে কস্তার প্রতিরোধ ভাঙেনে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। সতীর্থদের পাসিং ফুটবলে তৈরি হওয়া সুযোগ থেকে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান হইলুন্দ। এরপর রোনালদোর পছন্দের সি…উ উদযাপনই করলেন তরুণ ফরোয়ার্ড হইলুন্দ। গোল খেয়েও জেগে উঠতে পারেনি পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল তারা।







