
লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণা দু’ দিন পিছিয়ে গেছে। এ ছাড়া পিছিয়ে দেওয়া হচ্ছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। স্থগিত রাখা হয়েছে বেশ কিছু জনপ্রিয় টক শো।
রিপোর্টে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি অস্কার মনোনয়ন ঘোষণার কথা থাকলেও এই ঘোষণা এখন ১৯ জানুয়ারি করা হবে।দাবানলের কারণে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ১০ হাজার একাডেমি সদস্যের ভোটের সময়সীমাও দু’ দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। দাবানলে পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। এখন তা ২৬ জানুয়ারি করা হয়েছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে আনস্টপেবল, উলফম্যান, বেটার ম্যান, দ্য পিট, দ্য লাস্ট শোগার্ল’সহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে।
এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিংও বাতিল করা হয়েছে।এ ছাড়া বেশ কিছু জনপ্রিয় টক শো’র সম্প্রচারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।এদিকে দাবানলে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি।
