
যুদ্ধ হলে কী করবেন? সাধারণ নাগরিকদের সচেতন করতে কয়েকটি রাজ্যে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদ সংস্থা-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে, আগামী ৭ মে, অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে সীমানাবর্তী রাজ্যগুলিকে।
গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি সূত্রে দাবি, জঙ্গিদমনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবেই প্রতিরক্ষা বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে, তার পরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিয়েছে অমিত শাহ-র মন্ত্রক।
সংবাদ সংস্থা অনুযায়ী, যে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে— বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠলে কী করতে হবে, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ, বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে।








