
কথায় আছে মশা মারতে কামান দাগে, তবে আজকাল কিন্তু অনেক জায়গাতেই রীতিমতো কামানেরই খোঁজ করতে হয় মশা তাড়াতে। দেখা যায় বিকেল থেকে ঘরের ভিতর মশা তাড়ানোর ওষুধ দিলেও,রাত বিরেতে ফের হাজির হয় মশা। কিন্তু ঘরোয়া টোটকাতেই হতে পারে এর সমাধান।
যেমন, সন্ধ্যা লাগার আগেই দরজা-জানালা বন্ধ করে রাখুন। পুরোপুরি অন্ধকার হওয়ার পর দরজা জানলা খুলতে পারেন। জানালায় নেট লাগিয়ে রাখুন। তাহলে জানলা খোলা থাকলে মশা ঢুকতে পারবে না। প্রয়োজনে দরজাতেও এই জাল লাগিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে অতিরিক্ত দরজা থাকলে ভালো। মেন দরজা খুলে এই জাল দেওয়া দরজা বন্ধ রাখলে হাওয়াও আসবে, মশাও ঢুকবে না। এদিকে,তুলসী পাতার গন্ধ নাকি মশাদের একদম সহ্য হয় না। তা ছাড়া তুলসী গাছের ঔষধি গুণও রয়েছে। তাই মশা তাড়াতে ছোট্ট টবে তুলসী গাছ লাগিয়ে ঘরের এক কোণায় রেখে দিন। দেখবেন, এতে মশার উপদ্রব কমবে। এছাড়া রসুনও মশা তাড়াতে ভীষণ কার্যকর। কয়েক কোয়া রসুন থেতলে জলে সিদ্ধ করে নিন। তার পর সেই জল ঘরের চারদিকে ছিটিয়ে দিন।দেখবেন ঘরের ভেতরে আর কোনো মশা থাকবে না।
এছাড়া, সন্ধ্যাবেলা ঘরে ধুনোর ধোঁয়া দিতে পারেন,নারকেল ছোবড়া আর ধুনো মিশিয়ে জ্বালালে তা শরীরের ক্ষতি করে না আর মশাও তাড়ায়।রাতে মশারি টানিয়ে ঘুমনোর অভ্যাস করুন। এর চেয়ে সহজ ও নিরাপদ আর কিছুই নয়।








